বাংলাদেশ পুলিশের কোনো সদস্য যদি মাদক সেবনে জড়িত থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের অনুষ্ঠানে তিনি একথা জানান।
আইজিপি বলেন, ‘মাদক আমাদের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে যদি কোন মাদকসেবন বা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাকে কোন ছাড় দেওয়া হবে না।’
এরই মধ্যে পুলিশের যেসব সদস্য মাদকের ব্যবসায় সম্পৃক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সপ্তাহে সম্মাননাপ্রাপ্তদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পুরষ্কার প্রাপ্তি শুধু একটি স্বীকৃতি নয় এটি পেশাগত উৎকর্ষ এবং নেতৃত্বের প্রতি দায়িত্ববোধ। এই অর্জনগুলো আমাদের আরো দায়িত্বশীল হতে হবে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। আমি প্রত্যাশা করি আজ যারা সম্মাননা পাচ্ছেন তারা আগামী দিনে আরো সততা পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।’


