ভারতের তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই রাজ্যের ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন চন্দ্রশেখর জোসেফ ‘থালাপতি’ বিজয়। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ গজের মধ্যে অবস্থিত এসব দোকান বন্ধ করতে হবে।
সরকারি প্রতিষ্ঠান তামিলনাড়ু রাজ্য বিপনন কর্পোরেশন (টিএনএসএমসি) পরিচালিত খুচরা মদের দোকানের সংখ্যা মোট ৪ হাজার ৭৬৫টি।
সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পর আরও কয়েকটি দলের সমর্থনে সরকার গঠন করেন থালাপতি বিজয়। গত রোববার শপথ নেয় তার মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর চেয়ার বসার পরদিনই শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ গজের মধ্যে অবস্থিত মদের দোকানের সংখ্যা জানানোর নির্দেশ দেন তিনি। মঙ্গলবার জারি করেন এসব মদের দোকান বন্ধের নির্দেশ। জনগণের কল্যাণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।
তামিলনাড়ু রাজ্য সরকারের হিসাবে বন্ধের জন্য নির্দেশ দেওয়া মদের দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের, ২৫৫টি বাসস্ট্যান্ডের ও ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অবস্থিত।


