রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়াই কেরানীগঞ্জে অবস্থিত বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের চলমান কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিবসহ সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এ নোটিশ পাঠান।
গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যান, রাজউকের প্রধান শহর পরিকল্পনাবিদ, রাজউকের প্রধান নির্বাহী কর্মকর্তা, ইস্ট-ওয়েস্ট প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনের কাছে মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়।
নোটিশে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউকের অনুমোদনবিহীন অথবা অনুমোদিত নকশার পরিপন্থীভাবে নির্মিত ভবনের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বসুন্ধরা রিভারভিউ প্রকল্প এবং কেরানীগঞ্জে অবস্থিত অন্যান্য আবাসন প্রকল্পগুলোর বৈধতা ও লেআউট অনুমোদন সংক্রান্ত বিষয়ে একটি সমন্বিত তদন্ত কার্যক্রম চাওয়া হয়েছে।
১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, ইস্ট-ওয়েস্ট প্রোপার্টিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে রাউজকের অনুমোদন ছাড়াই প্রচলিত নগর পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত বাধ্যতামূলক আইনগত কাঠামোকে সম্পূর্ণ উপেক্ষা করে জনগণের কাছে সক্রিয়ভাবে বিপণন, প্রচার ও বিক্রয় করা হচ্ছে। এটি একটি পদ্ধতিগত, ব্যাপক এবং চলমান অবৈধ কার্যক্রমের প্রমাণ বহন করে। বিষয়টি প্রতারণা ও অসৎ বাণিজ্যিক কার্যকলাপের পর্যায়ে পড়ে, যা শুধু আইনের শাসনের পরিপন্থিই নয়, বরং পরিকল্পিত নগরায়ন, পরিবেশগত স্থায়িত্ব এবং জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
এ বিষয়ে সময়োপযোগী ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা প্রশাসনিক অবহেলা ও স্বেচ্ছাচারিতার সামিল। বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের প্রকল্পসমূহের মধ্যে বহু ভবন মালিক কোনো প্রকার ভবন নির্মাণ অনুমতি ছাড়াই অথবা অনুমোদিত নকশা থেকে গুরুতর বিচ্যুতি ঘটিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন, যা পরিকল্পিত নগরায়নের মৌলিক নীতিমালার সুস্পষ্ট পরিপন্থী।
রাজউক ঢাকার অন্যান্য এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও কেরানীগঞ্জ এলাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাব সংবিধানে উল্লিখিত আইনের দৃষ্টিতে সমতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা সম্পর্কে গুরুতর প্রশ্নের উদ্রেক করে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে রাজউকের চেয়ারম্যানের কাছে ১০ মে নোটিশদাতারা আবেদন করেছেন।
সেখানে বলা হয়, বসুন্ধরা রিভারভিউ প্রকল্প নামে রাউজকের আওতাধীন আবাসিক উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে; যার বৈধ অনুমোদন, পরিকল্পনা অনুমোদন এবং রাজউক কর্তৃক অনুমোদিত লেআউট ও নকশার অনুমোদন নেই। রাজউকের নিজস্ব ওয়েবসাইটে অনুমোদিত আবাসন প্রকল্পের তালিকায় বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের নাম নেই।
এ ছাড়া রাজউকের অনুমোদন ছাড়াই কেরানিগঞ্জ থানায় অনেক আবাসন প্রকল্প পরিচালিত হচ্ছে যা আইনানুগভাবে অবৈধ। বসুন্ধরা রিভারভিউ প্রকল্পসহ কেরানিগঞ্জে রাজউকের আওতাধীন সকল অননুমোদিত আবাসিক প্রকল্প বন্ধ ও রাজউক অনুমোদন ব্যতীত নকশা বহির্ভূতভাবে নির্মিত ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ওই নোটিশে।


