পুলিশের জন্য এখনই আলাদা এভিয়েশন ইউনিট বা এভিয়েশন সার্ভিস গঠন সুবিবেচিত না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। তিনি বলেন, আগে বিদ্যমান সক্ষমতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সরকারের সময় পুলিশের জন্য রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার কেনা হলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থ লেনদেন জটিলতার কারণে সেগুলো এখনো দেশে পৌঁছেনি। তবে সংশ্লিষ্ট দেশের ক্লিয়ারেন্স পাওয়া গেছে এবং শিগগির সরবরাহ পাওয়া যেতে পারে।
তিনি বলেন, ‘আমরা এখনো হেলিকপ্টার পাইনি। এমআই-১৭ কি পুলিশ এখন মেইনটেইন করতে পারবে? যেটা মেইনটেইন করতে পারবে, সেরকম অর্গানাইজেশনের জন্য হলে অসুবিধা নেই। বর্তমানে র্যাবের একটি হেলিকপ্টার থাকলেও সেটির রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হচ্ছে না।’
তিনি আরও বলেন, বিজিবির দুটি হেলিকপ্টারের মধ্যে একটি প্রায়ই মেইনটেন্যান্সে থাকে এবং অন্যটি অচল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে নতুন করে আলাদা এভিয়েশন ইউনিট গঠনের আগে বিদ্যমান সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেস্টিজের জন্য কোনো সংস্থার হেলিকপ্টার দরকার হলে সেটা ভিন্ন কথা। কিন্তু বাস্তবে সক্ষমতা বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি জানান, ভবিষ্যতে পুলিশের সক্ষমতা ও দক্ষতা সন্তোষজনক পর্যায়ে পৌঁছালে এভিয়েশন ইউনিট গঠনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন রক্ষায় কোনো আপস করা হবে না।
তিনি বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগে অপরাধের ধরন ও মাত্রায় পরিবর্তন এসেছে। সেজন্য সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়ায় গুজব এবং অপপ্রচার প্রতিরোধে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে।
মন্ত্রী বলেন, পুলিশের পেশাদারিত্ব বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে একটি হবে এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ ফোর্সের জন্য। এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আলাদা লেজিসলেশন (আইন) প্রণয়ন করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তা ছাড়া জমি প্রাপ্তি সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ ‘পুলিশ স্পোর্টস কমপ্লেক্স’ নির্মাণ করা হবে।
অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমনে কৌশলী হতে হবে, তবে কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।’


