ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স আর নবাগত হায়দরাবাদ কিংসম্যানের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১-তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের একাদশ লাহোর সাজিয়েছে দুই বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে। বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমেছে শাহীন শাহ আফ্রিদির দল।
এবারের পিএসএলে দল পেয়েছেন মোট ছয় জন বাংলাদেশি ক্রিকেটার। লাহোরে খেলছেন ইমন ও মোস্তাফিজ। এই দুজনকে নিলাম থেকে দলে টানে লাহোর। আগের মৌসুমে লাহোরের হয়ে খেলা লেগ স্পিনার রিশাদকে নিয়েছে নবাগত আরেক দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ তামিম।আগামী ২৮ মার্চ রিশাদের পিন্ডিজের মুখোমুখি হবে শরীফুলদের পেশোয়ার।
পিএসএলে বাংলাদেশিদের অংশগ্রহণ শুধু ক্রিকেটারেই সীমাবদ্ধ নয়। আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও থাকছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য দিচ্ছেন আতাহার আলী খানও।
সৈকত-আতাহারদের পুরো টুর্নামেন্টই থাকার কথা। তবে ক্রিকেটারদের ফিরে আসতে হবে ১২ এপ্রিলের পর। বিসিবি থেকে তাদের অনাপত্তিপত্র দেয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ঘরের মাঠে। সেই মোতাবেক তাদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ।


