সিরাজগঞ্জে পাসপোর্ট করতে যাওয়া রিয়াজুল মোস্তফা (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মোহাম্মদ ইব্রাহিম জানান, এদিন উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন ওই যুবক। তার আচরণ ও কথায় সন্দেহ হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় ওই যুবক স্বীকার করেন, তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে এসেছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে আটক করে।
পূর্ণিমা গাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা যুবক বলেও জানান তিনি।
সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আহসানুজ্জ্মান বলেন, ওই যুবক কক্সবাজারের কুতুপালং ৬ নং ক্যাম্প থেকে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের পাঠানো হবে।


