প্রশাসনের অভিযানে দেশের বিভিন্ন স্থানে মজুত তেল জব্দ

প্রশাসনের অভিযানে দেশের বিভিন্ন স্থানে মজুত তেল জব্দ
জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

একই দিনে আলাদা অভিযানে সাতক্ষীরা, মেহেরপুর ও পিরোজপুরে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জরিমানা, আটক ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মেহেরপুরে প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ

মেহেরপুর সদর উপজেলায় আলাদা দুই অভিযানে মোট ৫ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন ও পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এসব অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় আবু সুফিয়ান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী।

রাত আড়াইটার দিকে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৭টি ব্যারেলে সংরক্ষিত এসব ডিজেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন।

মেহেরপুরে অভিযান চালিয়ে চার ব্যারেল ভর্তি ৮০০ লিটার ডিজেল উদ্ধার। ছবি: টাইমস

অন্যদিকে, একই রাতে সদর উপজেলার ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে চার ব্যারেল ভর্তি ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন

জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুত করে বিক্রির উদ্দেশ্যেই এসব জ্বালানি সংরক্ষণ করা হয়েছিল।

উদ্ধারকৃত ডিজেল ও আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিরোজপুরে ২ হাজার লিটার তেল জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে শামীম হাসান খান নামে এক ব্যবসায়ীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: টাইমস

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসভবন থেকে ১ হাজার ৬৮৩ লিটার ডিজেল, ১২০ লিটার পেট্রোল, ২৬৩ লিটার কেরোসিন ও ১০ লিটার অকটেনসহ মোট ২ হাজার ৭৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

প্রশাসন জানায়, বৈধ কাগজপত্র ছাড়া জনবসতিপূর্ণ এলাকায় এসব দাহ্য পদার্থ মজুত করে তিনি বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিলেন। জব্দকৃত তেল সরকারি মূল্যে বিক্রির জন্য ফিলিং স্টেশনের জিম্মায় দেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ৮০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া-কালিবাড়ী বাজারে অভিযান চালিয়ে একটি মুদি দোকান থেকে চার ব্যারেলে রাখা আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. তাওহিদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: টাইমস

অভিযানে দোকান মালিক মারুফা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানায়, তিনি অবৈধভাবে পেট্রোল মজুত করে ১১৬ টাকা দরে কিনে ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছিলেন। পরে জব্দকৃত তেল স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।

এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার চেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad