দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ১৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ১৪৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ৭৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ২৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ২২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ৫২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ৩ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ৯ জন ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন নারী এবং ছয়জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৯ হাজার ৬৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


