‘জ্বালানি খাত মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে’

‘জ্বালানি খাত মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জ্বালানি সার্বভৌমত্ব ও নিরাপত্তা কোনো মাফিয়া সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেয় দলটি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে এনসিপি দাবি করেছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ স্তম্ভ জ্বালানি খাতকে একটি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ চলছে। এনসিপির অভিযোগ, ওই গোষ্ঠীর বিরুদ্ধে ঋণ জালিয়াতি, ব্যাংক লুটপাট ও অর্থপাচারের অভিযোগ রয়েছে।

বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, দেশের জ্বালানি সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে রুখে দেওয়া হবে।

এনসিপি নেতারা অভিযোগ করেন, জ্বালানি খাতকে ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ অতীতের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নীতির পুনরাবৃত্তি। তাদের দাবি, আগের সরকারের সময়ে কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে জনগণের বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, মাত্র দুই দিনের সময় দিয়ে তদন্ত কমিটি গঠন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে অপসারণ এবং চার দিনের মধ্যে নীতিমালার খসড়া তৈরির মতো পদক্ষেপ পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলেছে। এনসিপির দাবি, এসব পদক্ষেপ কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়।

দলটি বলেছে, আমদানিনির্ভর ও কৌশলগত গুরুত্বপূর্ণ জ্বালানি খাতে বিপিসির নিজস্ব শোধন, সংরক্ষণ ও বিপণন সক্ষমতা বাড়ানোর পরিবর্তে বেসরকারি গোষ্ঠীর হাতে বাজার নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া জনস্বার্থবিরোধী।

এনসিপির নেতারা আরও বলেন, এলপিজি খাতে বেসরকারি আমদানিকারকদের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। একইভাবে ডিজেল, পেট্রল ও অকটেনের মতো জরুরি জ্বালানির সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা কোনো বেসরকারি সিন্ডিকেটের হাতে দেওয়া হলে তা জনগণের জন্য ঝুঁকি তৈরি করবে।

বিবৃতিতে এনসিপি দাবি করেছে, বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত খাতকে মুনাফাভিত্তিক ব্যবসায়িক গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়া যাবে না। দলটি অবিলম্বে কথিত বেসরকারিকরণ নীতি ও প্রক্রিয়া বাতিল করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে এ খাতের পূর্ণ পরিচালনা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

একই সঙ্গে অতীতে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দলটি।

এনসিপি বলেছে, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্বের স্বার্থবিরোধী কোনো উদ্যোগ বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad