পাবনায় কুকুরছানা হত্যা মামলার আসামির জামিন মঞ্জুর

পাবনায় কুকুরছানা হত্যা মামলার আসামির জামিন মঞ্জুর
পাবনার ঈশ্বরদী থানা থেকে আসমি নিশি রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নিশি রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে পাবনা আমলী আদালত-২ এর বিচারক তরিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা এই তথ্য নিশ্চিত করেছেন।

আসামি নিশি রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।

অ্যাডভোকেট কণিকা জানান, রোববার আসামির জামিন শুনানীর দিন ধার্য ছিল। মামলাটি জামিনযোগ্য হওয়ায় এবং আসামি মহিলা বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। মামলায় পরবর্তী হাজিরার তারিখ আগামী বছরের ১১ জানুয়ারি।

আরও পড়ুন

এখন মামলা তদন্ত হবে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল হবে বলে জানান অ্যাডভোকেট কণিকা।

এ সময় পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ জানান, রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।

সঠিক বিচারের জন্য আগামীতে এই মামলাটি চালিয়ে যেতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতিবাদটা হলো নিষ্ঠুরতা বা হিংস্রতার বিরুদ্ধে। ওই আসামির বিরুদ্ধে নয়। নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে একটা শাস্তি হলে সবাই সতর্ক হবে।’

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় একটি মামলা করেন। এদিন রাতেই ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পরদিন বুধবার বিকালে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad