আসন্ন নির্বাচনে যে বিজয়ী হোক না কেনো জাতি হিসেবে তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব বলে মনে করেন সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান।
রোববার বেলা ১২টার দিকে বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের সামগ্রিক বিষয় দেখছে নির্বাচন কমিশন। ফওজুল কবির খান বলেন, ‘আমাদের একটিই কথা, নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতন যেন কেউ ভোট কেন্দ্র দখল না করে।’
এ সময় সাংবাদিকরা সেতু নির্মাণে দেরির কারণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এ কারণে সেতুর নির্মাণ ব্যয়ও বৃদ্ধি পায়।’ এ বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আড়িয়াল খা নদের উপরে নির্মিত মীরগঞ্জ সেতুর মাধ্যমে অর্থনীতির পুনর্জাগরণ ঘটবে, মানুষের মধ্যে সৌহার্দ বাড়বে, শিল্প কারখানা ও কৃষির বিকাশ ঘটবে বলেও আশা করেন সেতু উপদেষ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘এই সেতু নির্মাণ শেষ হলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে।’ নির্মাণকাজে দুর্নীতি ঠেকাতে স্থানীয়দের কঠোর নজরদারি করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জনগনের আমানত মনে করে সেতুর কাজ করাতে হবে। প্রকল্পের অধীনে নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় অনেকেই সমস্যা সৃষ্টি করেন। এটি প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের উপর প্রভাব ফেলে।’
বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খা নদের উপর প্রায় দেড় কিলোমিটার সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৪৪২ কোটি টাকা। ২০২৬ সালের জানুয়ারি মাসে সেতুর নির্মাণ কাজ শুরু হবে।


