আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই)-এর সাবেক নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার রাতে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। জানান, এদিন সকাল ১০টার দিকে দহগ্রাম-আঙ্গোরপোতা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে তার দেশে প্রবেশ করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পাটগ্রাম থানা পুলিশ।
আটক সাব্বির বিন শামস লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকার মৃত শামসুল হুদা বকসির ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককালে সাব্বির বিন শামসের শরীর তল্লাশি করে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি অবৈধভাবে ভারতে চলে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন।
জিজ্ঞাসাবাদে আটক সাব্বির বিন শামস নিজের পরিচয় নিশ্চিত করেছেন। সিআরআই-এর নির্বাহী পরিচালক ছাড়াও তিনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথে ‘পলিসি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস’ বিষয়ে ডক্টরাল গবেষণার সঙ্গেও যুক্ত ছিলেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, ‘আটক সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আর কী কী মামলা রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


