নোয়াখালীর চাটখিলে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) ও তার ছেলে রাহুল (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক ব্যক্তির মালিকানাধীন একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচ করা হচ্ছিল। এ সময় খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল মোটরের বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


