রংপুর মহানগরীর মাহিগঞ্জে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাহিগঞ্জের কলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম বদিয়ার রহমান (৫৫)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় কলাবাড়ি এলাকার খোরশেদের দোকানের সামনে ভুক্তভোগী শিশুটিকে একটি চিপস কিনে দেন বদিয়ার। পরে কৌশলে শিশুটিকে পাশের একটি পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটির চিৎকারে দোকানদার ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বদিয়ার দ্রুত পালিয়ে যান।
বিচার দাবি করে শিশুটির বাবা-মা বলেন, ‘আমাদের শিশুকন্যাকে বদিয়ার যেভাবে নির্যাতন করার চেষ্টা করেছে, তা কোনোভাবে মেনে নিতে পারছি না। অবিলম্বে তাকে ফাঁসির দাবি জানাচ্ছি।’
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ঘটনার পরপরই বদিয়ারের পরিবার ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী এবং শিশুটির পিতা-মাতার সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু করেছে।’


