জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও এর গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশকে বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ।
এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। সেই সঙ্গে খারিজ করে দেওয়া হয় লিভ টু আপিলও।
এর আগে গত বছরের ডিসেম্বরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্স ও মতামত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ।
আবেদনের পক্ষে তিনি বলেছিলেন, যে বিষয় অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা; সংবিধানে নেই, সে বিষয়ে রেফারেন্স চাওয়া যায় না। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, রেফারেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করতে হয়, কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি।
রিটের শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি আবেদনটি হাইকোর্ট সরাসরি খারিজ করে। ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
অন্তর্বর্তীকালীন সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় সমর্থিত বলে রায়ে উল্লেখ করা হয়।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধেই আপিল বিভাগে যান রিটকারী আইনজীবী।
শুনানি শেষে আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারে বৈধ বলে হাইকোর্টের রায়ই বহাল রাখল।


