চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা বাড়ল

চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা বাড়ল
Advertisement
Advertisement

চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধের ঘোষণা আরও একমাস বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ১০ অক্টোবর চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় আগামী এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করে নগর পুলিশ। সে হিসেবে মঙ্গলবার ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা শেষ না করে নতুন করে ফের বাড়ানো হলো।

আরও পড়ুন

নতুন আদেশে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ও সর্বোচ্চ শ্রেণির কেপিআই। দেশের মোট আমদানি ও রপ্তানির সিংহভাগ কার্যক্রম এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও প্রাইম মুভার বন্দরে প্রবেশ করে ও বন্দর থেকে বের হয়।

এই বিপুল যানবাহন চলাচলের কারণে বন্দরের আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন বা পথসভা আয়োজনের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়ে বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে। যা জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় পাওয়া ক্ষমতাবলে বন্দরের বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, তিন নম্বর জেটি গেট, কাস্টমস মোড় ও সল্টগোলা ক্রসিংসহ পুরো বন্দর এলাকায় আগামী এক মাস সব ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা, মানববন্ধন, পথসভা ইত্যাদি আয়োজন নিষিদ্ধ ঘোষণা করেছে সিএমপি।

সিএমপির বলছে, চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad