নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থান নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়।
শুক্রবার সকালে উপজেলার আমঘড়া এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমঘড়া ও পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দাদের মধ্যে কবরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দুই গ্রামের মানুষ ওই কবরস্থানে মৃতদের দাফন করে আসছেন। কবরস্থানের পাশে বাজার নির্মাণ নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল।
শুক্রবার সকালে বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় রাস্তার নির্মাণকাজের জন্য রাখা ইট-পাথর দিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতি হয়।
স্থানীয়রা আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোরস্থানের জমির মালিকানা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’


