জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ঢাকায় ছাত্র সমাবেশসহ দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী, জুলাই মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।
পরবর্তী দিনগুলোতে চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি এবং গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিগত সতেরো বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটক মঞ্চস্থ হবে।
কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ দেশব্যাপী সকল ইউনিটে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের ইউনিট নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আগামী আগস্ট মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল ছাত্র সমাবেশের মধ্য দিয়ে এই মাসব্যাপী কর্মসূচি শেষ হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান।


