দেশের একটি সরকারি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২০ ছাত্রীকে নেতৃত্ব বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট।
কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটর্স নেটওয়ার্কের (সিজেইএন) সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহঅর্থায়নে সাংবাদিকতায় আগ্রহী এই শিক্ষার্থীদের নিয়ে ‘এজাইল উইমেন মিডিয়া লিডার্স অব টুমরো’শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
গাজীপুরের বিসিডিএমে অনুষ্ঠিত হয় রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিনের এই কর্মশালায় অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ২০ ছাত্রী।
কর্মশালার সেশনগুলো পরিচালনা করেন দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং মেন্টররা। যাদের মধ্যে সুইডিশ সাংবাদিক ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক সার্সটি ফোর্সবার্গ, ঢাকায় এএফপির ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের ( জিআইজেএন ) বাংলা এডিটর এসকে তানভীর মাহমুদ, রেস্ট অব ওয়ার্ল্ডের ফেলো জেসমিন পাপড়ি এবং নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মরিয়ম আজিজ মৌরিন।
তারা শিক্ষার্থীদের নেতৃত্ব, গণমাধ্যম নীতি, পেশাগত দৃঢ়তা এবং পেশাগত উন্নয়নের বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন।
অংশগ্রহণমূলক আলোচনাভিত্তিক এই কর্মশালা থেকে শিক্ষার্থীরা শিখেছেন কীভাবে একজন শিক্ষানবিস সাংবাদিক ধাপে ধাপে নিউজরুমের নেতাও হয়ে উঠতে পারেন সে সম্পর্কে। কর্মশালায় নেতৃত্ব ও ব্যবস্থাপনার পার্থক্য, ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জ, ব্যর্থতা ও সাফল্যের গল্পও উঠে আসে।
সেশনগুলোতে আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাদার নেটওয়ার্ক তৈরি, মেন্টরশিপ এবং নিউজরুমে দক্ষভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া নিউজরুম নিরাপত্তা, হয়রানি মোকাবিলা, আবেগ নিয়ন্ত্রণ ও হুমকির বিষয়গুলো নিয়ে বাস্তবমুখী আলোচনা করা হয়।
বিভিন্ন সেশনে বাংলাদেশের গণমাধ্যমে নারীদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী এই শিক্ষার্থীরা বলছেন, তারা জিআইজেএন বাংলা এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিকোণ থেকে দারুণ সব ক্যারিয়ার বিষয়ক পরামর্শ পেয়েছেন।
কর্মশালায় মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন এবং অব্যাহত সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়, যা সাংবাদিকতার ভবিষ্যত গঠনে সহায়ক হবে।


