ঢাকার চারপাশের ৪টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। পাশাপাশি উদ্যোগ নেওয়া হচ্ছে এসব নদীর দূষণ বন্ধের।
রোববার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই নৌপথে আওয়ামী লীগ আমলে ১০ বছরে ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছিল। এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৪২৪টি জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে। সেগুলোও বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভায় বিশেষ করে ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।
নৌপথ সচল করার পাশাপাশি কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
সভা শেষে সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে বলেন, ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।


