জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। তিনি বলেন, সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে খুবই উদার ও সচেষ্ট।
মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির উপআবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিষ্ট তানভীর মাহমুদ।
সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট এবং সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় সংসদের অধিবেশন, সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করতে হবে। ইউএনডিপি নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তাদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ারের বিষয়গুলোতে সহযোগিতা করতে পারে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের মধ্যে বিশেষ করে নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ইউএনডিপির সঙ্গে দ্বিপাক্ষিক সফর বিনিময় করতে পারে।
স্পিকার ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থা প্রতিষ্ঠা, অধিবেশনকালীন স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং সংসদের নিজস্ব প্রিন্টিং প্রেস স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। ইউএনডিপির সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তারা চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে তাদের মতামত বিনিময় করেন এবং ইউরোপের দেশগুলো যেমন-যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে ইউএনডিপির সংসদ বিষয়ক ফোকাল পার্সন মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


