সিলেটের সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটনকেন্দ্র নীলাদ্রি লেক থেকে ফেরার পথে নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীতে পর্যটকবাহী নৌযান থেকে সে নদীতে পড়ে যায়।
নিখোঁজ ওই পর্যটকের নাম তামিম আহমেদ (১৬)। সে জেলার ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ৫০ থেকে ৬০ জনের একটি পর্যটক দল ধর্মপাশা উপজেলা থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে বেড়াতে আসে।
পরে নীলাদ্রি লেক রাত্রিযাপন শেষে শনিবার সকালে ফেরার পথে পাটলাই নদীতে নৌযানটি পৌঁছালে আকস্মিকভাবে নৌযানের উপর থেকে তাদের সঙ্গে থাকা তামিম নামে একজন পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ওই কিশোরের কোনো সন্ধান মেলেনি।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন,’ একজন পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ পর্যটকের উদ্ধারে পুলিশ কাজ করছে।’


