নীলফামারীতে নিজের ১১ বছর বয়সী কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে অভিযুক্তের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত আব্দুল কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগমের মেয়েকে ধর্ষণ করেন বলে জানা যায়। নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার প্রতিবেশী এক ভাবিকে জানায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আব্দুল কুদ্দুসকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নীলফামারী সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে আসে এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, শিশুটিকে শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযুক্ত কুদ্দুসকে আটক করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।


