সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। আর্থিক সহায়তা ও বাসস্থানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, ‘বাচ্চু মিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু সরকার ও দেশবাসী তার পরিবারের পাশে আছে। প্রবাসীদের যে কোনো বিপদে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার সবসময় পাশে থাকবে।’
এ সময় প্রধানমন্ত্রীর উপহারসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এটি শেষ সহায়তা নয় জানিয়ে দরিদ্র পরিবারটির স্থায়ী বাসস্থানের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত খাস জমি খুঁজে বের করার নির্দেশ দেন মন্ত্রী, যার সব খরচ মন্ত্রণালয় বহন করবে।
সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি থেকে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়েও পরিবারটিকে আশ্বস্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


