জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে সব ধর্ম ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে সকল ধর্ম ও সম্প্রদায়ের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাজ করছি।’
রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় পূজা উৎযাপন কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন নাহিদ।
দুর্গোৎসবে সবাইকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের পর আমরা যে সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশের মানুষকে সামনে রেখে সকল ধর্ম, বর্ণ, মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিকে এগোতে চাই।’
সারাদেশে নির্বিঘ্নে পূজা উৎযাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা জানায়। এনসিপি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চায়।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের যে দাবি দাওয়া তা পূরণ করতে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মের মানুষেরা যেন অনিরাপদ বোধ না করে সেভাবে আমাদের কাজ করতে হবে।’


