চট্টগ্রাম নগরের মোহরার কাজীরহাট এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীর হাত থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্যের পরিবেশকের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ধাওয়া করতে গেলে এক কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত এবং পরিবেশককে মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল খায়ের গ্রুপের পরিবেশক রফিক আহমদ প্রতিদিনের মতো সকালে ব্যাংকে ২০ লাখ টাকা জমা দেওয়ার জন্য দোকানে নিয়ে আসেন। এ সময় দোকান খুলতে গেলে হঠাৎ তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত টাকার থলেটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে রফিক আহমদ ও তার দুই কর্মচারী ধাওয়া দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কর্মচারী শাহ আলমকে কুপিয়ে আহত এবং রফিক আহমদকে মারধর করে।
ঘটনার সময় স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া দিলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলেও একজনকে আটক করা হয়।
গ্রুপের ব্যবস্থাপক আবু তালেব বলেন, ‘নিরাপত্তার কারণে প্রতিদিন রাতে টাকা বাসায় রাখা হয়। পরদিন সকালে দোকানে এনে ব্যাংকে জমা দেওয়া হয়। একইভাবে আজও টাকা আনার পরপরই এ ঘটনা ঘটে।’
দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র ও পিস্তল ছিল। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, লুট করা টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে, ২০২০ সালে একই এলাকায় আবুল খায়ের গ্রুপের প্রায় ৪৭ লাখ টাকার সিগারেট লুট করা হয়েছিল।


