রাজধানী ঢাকার ধামরাই পশ্চিম কায়েতপাড়া এলাকায় শংকর চন্দ্র মন্ডল (২৮) হত্যা মামলার পলাতক আসামি ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে ময়না হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারে র্যাব-১৫ ও রাজধানীর র্যাব-০৪ যৌথভাবে এই অভিযান চালায়।
গ্রেপ্তার মো. ওয়াজেদ হাজী (৫০) ঢাকা জেলার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকার বাসিন্দা।
র্যাব বলছে, গত ৮ আগস্ট সকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার পশ্চিম কায়েতপাড়া এলাকায় সীমা সিনেমা হলের রাস্তার পাশে ওবায়েদিল হাজীর মালিকানাধীন রাইস মিল এলাকায় শংকর চন্দ্র মন্ডলকে রাইস মিলের অফিসে নিয়ে হাত-পা বেঁধে রড ও কাঠের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়।
পরে প্রতিবেশীদের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হলে পরিবারের লোকজন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তাকে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। গত ১৫ আগস্ট ভোরে নিজ বাড়িতেই তিনি মারা যান।
এই ঘটনায় নিহত শংকর চন্দ্র মন্ডলের বাবা বাদী হয়ে ঢাকা জেলার ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের দাবি, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


