নির্বাচনের প্রচার চালানোর সময় কোনো প্রার্থীকে যেন শরিফ ওসমান হাদির মতো পরিণতি বরণ করতে না হয় তেমন পরিবেশ তৈরির জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার বিকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আখতার বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয় অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের একজন কর্মকর্তা খুন হয়েছেন। মিরপুরে হতাহতের ঘটনা ঘটেছে। এর প্রত্যেকটা পরিস্থিতি আইনশৃঙখলা পরিস্থিতির অবনতির প্রতি ইঙ্গিত করে। আমরা নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানাব, আনুষ্ঠানিক প্রচারণার সময়কালে আমাদের কোনো প্রার্থীকে যেন হাদি ভাইয়ের মতো পরিনতি বরণ করতে না হয়। কোনো সাধারণ ভোটারেরও যেন হাদি ভাইয়ের মতো পরিণতি না হয়।’
দেশের বিভিন্ন স্থানে মামলা বাণিজ্য চলছে অভিযোগ করে আখতার বলেন, ‘নিজেদের দলের থেকে সমর্থন আনার জন্য মামলা বাণিজ্য করছেন অনেকে। এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে ফুল স্টপ সমাধান প্রত্যাশা করি। যাতে কোনোভাবেই কোনো সংঘাত, কোনো ভোটার প্রার্থী ও কর্মী ক্ষতিগ্রস্ত না হন। সে ব্যপারে সরকার ও নির্বাচন কমিশন থেকে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
প্রতীক নেওয়ার সময় তার সঙ্গে ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির এটিএম আজহারুল ইসলামসহ অন্যরা।


