সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের বিরুদ্ধে ২১৬ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানিয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীর ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ ব্যাংকের এক হিসাব থেকে আরেক হিসাবে স্থানান্তর ও রূপান্তর করেছেন।
দুদকের তদন্তে দেখা যায়, তাদের নামে ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৭৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে বাংলাদেশি ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৯ টাকা এবং ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা রাখা হয়। একই সময়ে তারা ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা এবং ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করেন।
এ ছাড়া তারা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার উদ্দেশে এসব অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন। তাদের এ কর্মকাণ্ড মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছে দুদক।
এর আগে, গত বছরের অক্টোবরে ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মহিউদ্দিন খান আলমগীরসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক।


