সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব উপস্থাপন করে। রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শও বিবেচনা করা হয়।
আলোচনায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনের প্রস্তাব বাস্তবসম্মত বলে গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ার পরই বইমেলার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে।


