সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
যেখানে সৌদি আরব থেকে বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সুলভ এই ভাড়ার কারণে প্রবাসী কর্মীদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করা ও দেশে আসা যাওয়া আরও সহজ হবে।
শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে এই ভাড়া সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মাধ্যমে প্রবাসী কর্মীরা উপকৃত হওয়ার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে।’
ঘোষণা অনুযায়ী, মদিনা–ঢাকা ২৫ হাজার টাকা এবং জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এছাড়া মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২,০০০ টাকা।
বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে আগামী ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত এবং বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে কার্যকর হবে ৩০ মে থেকে, কার্যকর থাকবে ৩০ জুন পর্যন্ত।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে পদক্ষেপটি নেওয়ার জন্য শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।’
ভবিষ্যতে যেন এ উদ্যোগটি শতভাগ কার্যকর থাকে সেজন্য যথাযথ পরিচর্যারও আহ্বান জানান মুহাম্মদ ইউনূস।


