ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন, দুটি জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করেছে এবং নির্বাচন ছিল লোকদেখানো।
বুধবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্যপণ্যের দাম জনগণের নাগালে রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আয়োজিত স্বাগত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, নির্বাচনী অনিয়ম ও জালিয়াতি পরিকল্পিত ছিল এবং টিআইবি রিপোর্টেও নির্বাচন নিয়ে চরম অনিয়মের কথা উল্লেখ রয়েছে। ইসলামী আন্দোলন সততার পরিচয় দিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আতাউর রহমান আরও বলেন, নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে। সরকার ভালো কাজ করলে সহযোগিতা করা হবে, তবে জুলাই সনদ অস্বীকার বা সংস্কার না মানলে তারা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন।
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ব্যর্থ হলে জনরোষের আশঙ্কা রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য দেন সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ূমসহ অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় ও বিজয়নগর হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।


