‘বিচারহীনতার’ কারণে পার্বত্য চট্টগ্রামে অনেক বছর ধরে পাহাড়ি নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন চাকমা রাজা (সার্কেল চিফ) ব্যারিস্টার দেবাশীষ রায়।
শুক্রবার বিকালে রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনের বক্তব্যে এ কথা বলেন তিনি।

সম্প্রতি খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর একজন স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় পার্বত্য জেলা-উপজেলা পর্যায়ে প্রায় প্রতিদিনই প্রতিবাদ-বিক্ষোভ করছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ বিভিন্ন পাহাড়ি সংগঠন। ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীরা একাধিক প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলার সড়ক অবরোধও হয়েছে।
খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের প্রসঙ্গে চাকমা রাজা দেবাশীষ বলেন, ‘দুর্ভাগ্যবশত পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের এমন ঘটনা অনেক দশক ধরে হচ্ছে।’

‘কোনো সরকার এ পর্যন্ত ধর্ষণ প্রতিরোধ এবং ধর্ষকদের আইনের আওতায় আনার জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে চোখে পড়েনি,’ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পাহাড়ে অবিলম্বে ধর্ষণ, যৌন নিপীড়ন ও পাহাড়ি জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান রাজা দেবাশীষ।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, নারী বিষয়ক সংস্কার কমিশনের নিরূপা দেওয়ান, জেলা বিএনপির দীপন দেওয়ান দীপু, আদিবাসী ফোরামের প্রকৃতি রঞ্জন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা প্রমূখ।
উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন খাগড়াছড়ি আদিবাসী দল বনাম বরকল একাদশ।


