আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পরিবেশ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখার লক্ষ্যে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। এর আগে তিনি রাজধানীর ভেতরে বেশ কিছু অস্থায়ী নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শন করেন।
কর্নেল আবুল এহসান জানান, বিজিবি’র সদস্যরা এখন ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে কাজ করছে। এর মধ্যে রয়েছে ৬১টি সীমান্ত উপজেলা। কঠোর নিরাপত্তা বজায় রাখতে বিজিবি ইউনিটগুলো ৩০০টি সংসদীয় আসনেই মোবাইল টহলের পাশাপাশি ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, প্রতিটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি নির্বাচনের পুরো সময় জুড়ে দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে থাকবে।
ঢাকা সেক্টরের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে তিনি উল্লেখ করেন, ৪২টি অস্থায়ী ক্যাম্প থেকে ১৩৪টি প্লাটুন কাজ করবে। এই ক্যাম্পগুলো নয়টি জেলা এবং চারটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৫১টি নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে। ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এই দায়িত্ব পালন করবে।
কর্নেল এহসান জানান, যেকোনো ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং একটি হেলিকপ্টার ইউনিটসহ বিশেষায়িত ইউনিটগুলো সদা সতর্ক থাকবে। এছাড়া সুনির্দিষ্ট তল্লাশি অভিযানের জন্য একটি বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন করা হবে।
তিনি আরও জানান, কাজের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে বিজিবি সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মতো আধুনিক সরঞ্জাম ব্যবহার করবে।
নির্বাচনের দিন নাশকতামূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা রোধে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দেবে, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসাবে এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করবে।
নির্বাচনের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল স্থাপন করা হয়েছে বলেও জানান কর্নেল এহসান।
তিনি বলেন, বিজিবি’র সকল সদস্য পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।


