তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে জিয়াউর রহমানের মাজার ও জাতীয় স্মৃতিসৌধ।
শুক্রবার জুমার নামাজের পর গুলশানে নিজ বাসভবন থেকে ঢাকার চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট ও বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান।
এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন তিনি।
আজও তিনি ‘সবার আগে দেশ’ স্লোগানে মোড়ানো লাল-সবুজ বাসে ভ্রমণ করবেন বলে জানা গেছে।
এরইমধ্যে উদ্যান এলাকায় অতিরিক্ত পুলিশসহ বিজিবি ও সেনা মোতায়েন করা হয়েছে।
সাভারের জাতীয় স্মৃতিসৌধেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
তারেক রহমানের আগমন ঘিরে চন্দ্রিমা উদ্যানে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। তাদের স্লোগানে সরব হয়ে উঠেছে গোটা এলাকা।

১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিমানবন্দর থেকে লাল সবুজ বাসে তিনি তিনশ ফিটের সংবর্ধনাস্থলে যান। সেখানে জাতি ও দলের নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ শেষে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও মা খালেদা জিয়াকে দেখতে যান। পরে গুলশানে নিজ বাসভবনে রাত্রিযাপন করেন।


