প্রথমবারের মতো বিসিবি আয়োজন করতে যাচ্ছে নারী বিপিএল। দিনক্ষণ, ভেন্যুও চুড়ান্ত, জানা গেছে প্লেয়ার্স ড্রাফটের তারিখও। তবে এখনো ফাইনাল হয়নি কারা নিচ্ছে তিন দলের মালিকানা। শুরুতে শঙ্কা থাকলেও দুই দল প্রায় নিশ্চিত। একটি নিচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স, যারা গত বিপিএলের চ্যাম্পিয়ন। বিসিবি সূত্রে জানা গেছে, তাদের পাশাপাশি চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রামের একটি ব্যবসা প্রতিষ্ঠান।
মূলত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপই দল পেতে চাইছে নারী বিপিএলে। ইতোমধ্যে তাদের আগ্রহের ভিত্তিতে প্রস্তাবপত্রও পাঠানো হয়েছে বিসিবি থেকে। সবকিছু বিবেচনা করে আগামী রোববারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে প্রতিষ্ঠানটি। অবশ্য তাদের দল পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী, যিনি একই সাথে বিসিবনির টুর্নামেন্ট কমিটিরও চেয়ারম্যান। যদিও সমর্থিত সূত্রে জানা গেছে, দল নেয়ার ব্যাপারে ইতিবাচক আছেন তিনি।
আগামী ৪ এপ্রিল চট্টগ্রামে পর্দা উঠবে দেশের প্রথম নারী বিপিএলের। এরপর ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকাতেও। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন মিরপুর স্টেডিয়ামে হবে ফাইনাল। দেশের প্রথম এই নারী বিপিএলে খেলার সুযোগ থাকছে বিদেশি ক্রিকেটারদেরও।


