নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) মো. রফিক, এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। অন্যদিকে পুলিশের গুলিতে আহত হন অস্ত্রধারী জসিম (২৪)। পরে তাকে আটক করা হয়। তিনি ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। আটক অপর ব্যক্তি হলেন মোহন (২৩)। তিনি একই এলাকার আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ৭-৮ জন পুলিশের দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। পরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদককারবারি গুলিবিদ্ধ হয়। এসময় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


