কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি, তোন্দুলেরমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল।
১১ বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্যলাইন থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে দোছড়ি, তোন্দুলেরমুখ এলাকায় চোরাকারবারিদের অবস্থানের খবর পেয়ে বিজিবির বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর সময় তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে যান।
পরে বিজিবির টহলদল ওই বস্তাটি তল্লাশি করে ২০টি কার্টনে থাকা মোট ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।’
উদ্ধার করা ইয়াবাগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


