নাটোরের সিংড়ায় বাসচাপায় মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাইফুল ইসলাম নামের এক আরোহী।
সোমবার ভোর ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মোহাম্মদ হিরা (২৬) এবং আরোহী জীবন হোসেন (১৮)। হিরার বাড়ি সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে এবং জীবনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া এলাকায়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ভোর ৫টার দিকে নাটোর থেকে মোটসাইকেলযোগে তিনজন সিংড়া যাচ্ছিলেন। নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরা নিহত হন। এ ছাড়া আহত হন সাইফুল ইসলাম।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।


