পরিমাণে কম দেওয়ায় নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম দেওয়ায় নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম পণ্য দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই বলেছে, প্রতিষ্ঠানটির কয়েকটি ব্র্যান্ডের বিস্কুটের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম পাওয়া গেছে। একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে আলাদা এবং বিভ্রান্তিকর ওজনও উল্লেখ করা হয়েছিল।

রোববার ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পরিচালিত অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ধারা ২৪(৪১) অনুযায়ী এ জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেয়।

অভিযানের সময় নাবিস্কোর উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন পরীক্ষা করা হয়। এতে মোড়কে উল্লেখ করা পরিমাণের তুলনায় পণ্যের প্রকৃত ওজন কম পাওয়া যায়।

আরও পড়ুন

একই সঙ্গে মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখের প্রমাণ পাওয়া যায়। বিএসটিআই বলেছে, এ ধরনের তথ্য ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত আইনের পরিপন্থী।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে বিস্কুট উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার নির্দেশ দিয়েছে।

ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম) এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।

ভোক্তার অধিকার রক্ষা, সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad