জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভারতের নয়াদিল্লিতে খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা সিএসসির কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।
এর আগে মঙ্গলবার দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। যদিও তার বুধবার যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থনে শেখ হাসিনা সরকারের পতনের পর আসা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এ বৈঠক হল।
ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনে ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারের ‘অতিথি’ হিসেবে দিল্লিতে তার অবস্থানের কথা লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম। এরই মধ্যে গণঅভ্যুত্থনে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


