পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইতিবাচক ও গঠনমূলক ধারায় জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে ভারত আশাবাদী বলেও উল্লেখ করেন প্রণয় ভার্মা।
বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক মতবিনিময় হলেও ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
প্রণয় ভার্মা বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান এবং একই দিনে তাদের মধ্যে টেলিফোনে কথা হয়।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করে ঢাকা সফর করেন।
সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন বলে জানান হাইকমিশনার।
তিনি বলেন, উচ্চপর্যায়ের এসব যোগাযোগে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের বিষয়টিও তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।


