নড়াইলে প্রবাসী পরিবার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ হটলাইন সেবা ও ডিজিটাল তথ্য সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) আতাউর রহমান বাচ্চুর বিশেষ তত্ত্বাবধানে শনিবার নড়াইল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়।
বর্তমান সময়ের সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
যেকোনো প্রয়োজনে নাগরিকরা সরাসরি নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। এই সেবার আওতায় রয়েছে প্রবাসীদের পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহায়তা, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিচের নম্বরগুলো উন্মুক্ত করা হয়েছে – ০১৩৫০-১৭৩৭৩৭ , ০১৩৫০-১৭৩৭১, ০১৩৫০-১৭৩৭৭৭।
এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২’ ফেসবুক পেজের মাধ্যমেও নাগরিকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
‘নড়াইলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসীদের পরিবার যেন দেশে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করাই এই হটলাইন সেবার মূল উদ্দেশ্য, বলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াত ইসলামের প্রচার ও মিডিয়া বিভাগের বিভাগে কর্মরত খান আব্দুস সোবহান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাড. ইস্রাফিল খবির রাজু, পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ বিহারী ঘোষ, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. আজিজুল ইসলাম, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।


