নওগাঁর আত্রাই উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আতিকুর স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যায় ভুক্তভোগী শিশুটি। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন ওই স্বাস্থ্যকর্মী। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালানো হলে শিশুটি চিৎকার করে। তখন আতিকুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’
ওসি জানান, ঘটনার পরদিন বুধবার ভুক্তভোগী পরিবার মামলা করার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চলছিল। আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।’


