কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার বেলা ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কালনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম ঈমান মিয়া (২৬)। তিনি ওই ইউনিয়েনের নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক মো. সারোয়ার হোসেন জানান, বুধবার বিকালে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে। একপর্যায়ে নৌকার পানি সেচের কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে যায়। সেটি ধরতে গিয়ে নদীতে পড়ে যান ঈমান মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তবে বৈরী আবহাওয়ার কারণে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।


