সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর (২৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে রিয়াদের কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীরের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাংগাব ইউনিয়নের বামুনখালী গ্রামে। তার বাবার নাম আসাদ মিয়া। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয়।
স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান জাহাঙ্গীর।
এদিকে জাহাঙ্গীরের মৃত্যুর খবরে বামুনখালী গ্রামে শোক নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধবরা তার মৃত্যুতে শোকে স্তব্ধ।
তার মা-বাবা, স্ত্রী ও সন্তানরা বারবার মূর্ছা যাচ্ছেন। নিহতের বাবা আসাদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সংসারের হাল ধরতে বিদেশ যাওয়া ছেলেটা লাশ হয়ে ফিরবে, এটা কিভাবে মেনে নেব।’
জাহাঙ্গীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। মরদেহ দেশে পৌঁছালে বামুনখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


