ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জানিয়ে দিয়েছে, আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটারদের নামও অন্তর্ভুক্ত থাকবে।
ইসি জানায়, খসড়া ভোটার তালিকা আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে। এরপর জনগণের আপত্তি ও সুপারিশ গ্রহণের পর ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
এ ছাড়া, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে ইসি সচিবালয় জানায়, খসড়া তালিকা নিয়ে যদি কোনো আপত্তি, দাবি বা সংশোধন থাকে, তা ১৭ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।


