ঢাকার ধানমন্ডিতে দুই যুবককে চাপাতির মুখে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. রিপন, মো. সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম এবং টিপু আহমেদ ওরফে ডিশ টিপু।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায় গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৭ নম্বর সড়কে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কার্যালয়ের উত্তর পাশের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলাবাগান এলাকার বাসিন্দা দুই বন্ধু জিম থেকে রিক্সায় বাসায় ফেরার পথে চারজন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। পরে ধারালো চাপাতি দেখিয়ে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় দুই বন্ধুর একজন বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তার বাম হাতের কবজির ওপর কোপ দিয়ে পালিয়ে যায়।
এ হামলার ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
পুলিশ আরও জানিয়েছে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন দুটি উদ্ধারে অভিযান চলছে।


