কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও তিনজন।
শুক্রবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম ওই এলাকার মহির উদ্দিন ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে মিহির উদ্দিন ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে সেখানেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
এ সময় নিহত জাহিদের ছেলে ও তার ভাই শরিফুল ইসলাম ও প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেন আহত হন বলেও জানান তারা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।


