আগামী সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বর্তমান চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি এখন তার আক্রমণভাগ নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন। আর এই পরিকল্পনার মূলে রয়েছে একাদশ নির্বাচন নিয়ে বড় এক দ্বিধাদ্বন্দ্ব।
স্কালোনির এই ভাবনার মূলে রয়েছে সেই চিরচেনা প্রশ্ন–লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? আলজেরিয়ার বিপক্ষে মার্টিনেজ শুরু থেকে আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন, পরে ম্যাচের ৫৫তম মিনিটে তার স্থলাভিষিক্ত হন আলভারেজ। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম এবং বৃহস্পতিবারের অনুশীলন সেশনে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছে, অস্ট্রিয়া ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলভারেজেরই শুরুর একাদশে ফেরার সম্ভাবনা বেশি।
টুর্নামেন্ট শুরুর আগে আলভারেজকেই প্রথম পছন্দের স্ট্রাইকার ভাবা হচ্ছিল, কিন্তু প্রথম ম্যাচে স্কালোনি ভরসা রাখেন মার্তিনেজের ওপর। এই সিদ্ধান্তটি কাতার ২০২২ সালের সফল বিশ্বকাপ অভিযানের কথা মনে করিয়ে দেয়, যেখানে ইন্টার মিলান তারকা মার্টিনেজ প্রথম পছন্দের ফরোয়ার্ড হিসেবে শুরু করলেও গ্রুপের তৃতীয় ম্যাচ থেকে সেই জায়গাটি কেড়ে নিয়েছিলেন আলভারেজ।
আলজেরিয়া ম্যাচের আগেই স্কালোনি নিশ্চিত করেছিলেন যে মার্তিনেজ গোড়ালির চোট কাটিয়ে দলে ফিরেছেন। ম্যাচ শেষে তিনি মাঠে এই ফরোয়ার্ডের ৫৫ মিনিটের অসাধারণ শারীরিক পরিশ্রমের ভূয়সী প্রশংসাও করেন। স্কালোনি সাংবাদিকদের বলেন, ‘কোচকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয় কে খেলবে, কে খেলবে না, কে মাঠে আসবে আর কে মাঠ থেকে উঠবে। সবাই খেলতে চায়, কিন্তু দল গঠনের জন্য মাত্র ১১ জন খেলোয়াড় লাগে এবং আমাদের একটি আদর্শ কম্বিনেশন খুঁজতে হয়।’
বোকা জুনিয়র্সের সাবেক গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোয়া মনে করেন, একাদশ নির্বাচনের এই কঠিন লড়াই আর্জেন্টিনার স্কোয়াডের শক্তিমত্তারই বহিঃপ্রকাশ। মন্তোয়া রয়টার্সকে বলেন, ‘এটি আসলে একটি বড় সুবিধা এবং সুস্থ প্রতিযোগিতা। মার্টিনেজ একজন দুর্দান্ত ফিনিশার, মূলত পেনাল্টি বক্সের স্ট্রাইকার। অন্যদিকে হুলিয়ান আলভারেজ যেমন ফিনিশিং ও বক্সে উপস্থিতি দেয়, তেমনি বক্সের বাইরেও অবদান রাখে এবং খেলায় বেশি জড়িয়ে থাকে। প্রেসিংয়ের ক্ষেত্রে তার শারীরিক তীব্রতাও বেশি হতে পারে।’
অবশ্য একাদশ নির্বাচনের এই মাথাব্যথা কেবল আক্রমণভাগেই সীমাবদ্ধ নয়, চিন্তার ভাঁজ রয়েছে রক্ষণভাগেও। রাইট-ব্যাক পজিশনে আলজেরিয়ার বিপক্ষে শুরু করেছিলেন গঞ্জালো মন্তিয়েল, পরে হাফ-টাইমে মাঠে নামানো হয় সাধারণত প্রথম পছন্দের অপশন নাহুয়েল মলিলনাকে।
অন্যদিকে লেফট-ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোর কাফ ইনজুরি বা পায়ের পেশির চোট এখনো চিন্তার কারণ হয়ে আছে, যার ফলে প্রথম ম্যাচে তাঁর জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বুধবার নিশ্চিত করেছে যে তাগলিয়াফিকো মাঠে ফিরেছেন এবং তাঁর চোটের ইতিবাচক উন্নতি হচ্ছে। অস্ট্রিয়া ম্যাচের আগে রক্ষণ ও আক্রমণের এই জটিল সমীকরণগুলো মেলাতেই এখন ব্যস্ত সময় পার করছে আলবিসেলেস্তেদের থিঙ্ক ট্যাঙ্ক।


